ভোলা-৩ ও স্পিকার মেজর হাফিজ এমপির সাথে ভোলা ডেভেলপমেন্ট ফোরাম কেন্দ্রীয় কমিটি..

ভোলা ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ)-এর নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে ভোলার সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং জনকল্যাণমূলক দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে গত ১০ ও ১১ জুলাই ২০২৬ তারিখে জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে একাধিক সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় ও ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ জুলাই ২০২৬ খৃষ্টাব্দ:
বিডিএফ প্রতিনিধিদল মহান জাতীয় সংসদের মাননীয় স্পীকার মহোদয় এবং ভোলা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুহাম্মদ নুরুল ইসলাম নয়ন মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ভোলা জেলার দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

১১ জুলাই ২০২৬ খৃষ্টাব্দ:
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রতিনিধিদল
দুপুর ১:০০ টায় ভোলা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাফিজ ইব্রাহিম মহোদয়ের সঙ্গে এবং
বিকেল ৪:০০ টায় ভোলা-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভাগুলোতে ভোলাবাসীর দীর্ঘদিনের ন্যায্য, যৌক্তিক ও জনকল্যাণমূলক দাবিগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়। আলোচনার প্রধান বিষয়সমূহ ছিল—
১. ভোলা–বরিশাল সেতুর দ্রুত বাস্তবায়ন;
২. মতিরহাট ঘাট চালু এবং তোরাবগঞ্জ–মতিরহাট আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন;
৩. ভোলার প্রাকৃতিক গ্যাস সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে গ্যাসভিত্তিক শিল্পাঞ্চল, সারকারখানা ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি;
৪. মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা;
৫. নদীভাঙন প্রতিরোধে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং উপকূলীয় মেরিন ড্রাইভ বাস্তবায়ন;
৬. কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র স্থাপন;
৭. পরিকল্পিত পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি;
৮. আন্তর্জাতিক মানের ক্রিকেট ও ফুটবল স্টেডিয়াম নির্মাণ;
৯. সুন্দরবন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয় খুলনা থেকে ভোলায় স্থানান্তর।

এছাড়াও ভোলাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি, মৎস্য, কৃষি, পর্যটন ও ব্লু-ইকোনমি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং টেকসই অবকাঠামো উন্নয়নের বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
বিডিএফ-এর প্রধান পৃষ্ঠপোষক, মাননীয় স্পীকার মহোদয় অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বিডিএফ-এর উপস্থাপিত বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। তাঁর ইতিবাচক মনোভাব আমাদের দায়িত্ববোধ ও প্রত্যয়কে আরও শক্তিশালী করেছে।
অপরদিকে, মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এবং মাননীয় সংসদ সদস্য জনাব মুহাম্মদ নুরুল ইসলাম নয়ন মহোদয় ভোলা ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ)-এর পৃষ্ঠপোষক হওয়ার প্রস্তাব সানন্দে গ্রহণ করেছেন এবং ভোলার উন্নয়ন ও অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
ভোলা ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ) দৃঢ়ভাবে বিশ্বাস করে—ভোলার উন্নয়ন কোনো ব্যক্তি, রাজনৈতিক দল কিংবা নির্দিষ্ট গোষ্ঠীর একার দায়িত্ব নয়; এটি সমগ্র ভোলাবাসীর সম্মিলিত স্বপ্ন ও দায়বদ্ধতা। দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্য, পারস্পরিক সহযোগিতা, তথ্যভিত্তিক পরিকল্পনা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমেই আমরা একটি আধুনিক, সমৃদ্ধ, কর্মসংস্থানমুখী ও সম্ভাবনাময় ভোলা গড়ে তুলতে সক্ষম হব, ইনশাআল্লাহ।
ভোলার উন্নয়নের এই চলমান অভিযাত্রায় যারা আমাদের উৎসাহ, পরামর্শ, সহযোগিতা ও আন্তরিক সমর্থন দিয়ে পাশে রয়েছেন—সকলের প্রতি ভোলা ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ)-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।
হৃদয়ে ভোলা। উন্নয়নের পথে ভোলা। ঐক্যবদ্ধ ভোলাবাসী—সমৃদ্ধ ভোলার প্রত্যয়।
https://youtu.be/tYYlA8LaFF8?si=6lhxiZoNDe0iQyBU

